গাবতলী বাস টার্মিনালে বৃহস্পতিবার বাস চলাচল বন্ধ করে বাস ভাঙচুরের প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। ঢাকা থেকে আন্তজেলা সড়কে কোনো বাস চলছে না।
ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে সকালে কোনো বাস ছেড়ে যায়নি। আবার কোনো বাস এসব টার্মিনালে আসেনি। এতে ঢাকা থেকে প্রায় সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
দক্ষিণবঙ্গগামী বাসগুলো নিরাপত্তাহীনতার কারণে ছাড়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
গাবতলীর ট্রাফিক সার্জেন্ট সোহেল রানা বলেন, বাস চলছে না। শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। যানবাহনের নিরাপত্তা শঙ্কায় মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল পথের বাসগুলো ঢাকা ছেড়ে যায়নি। এছাড়া ঢাকামুখী বাস চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে, যানবাহন ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দোহাই দিয়ে ময়মনসিংহ থেকে ঢাকা রুটে সব ধরণের বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন শ্রমিক মোটর মালিক সমিতি।
শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকগামী বাস ছেড়ে যায়নি। রাস্তায় বের হলে শিক্ষার্থীরা বাস ভাংচুর করছে , এমন অভিযোগ এনে এসব বাস বন্ধ রাখা হয়েছে বলে দাবি জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকারের।
সারাদিন বাস চলাচল বন্ধ থাকলেও, বিকাল থেকে যথারীতি বাস চলাচল করবে বলেও জানান সমিতির নেতারা। এদিকে, হঠাৎ করে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারন মানুষ। বাসস্ট্যান্ডে এসে ফিরে যেতে হচ্ছে যাত্রীদের।
পরিবহন মালিকদের দ্বন্দ্বের জের ধরে চুয়াডাঙ্গায় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে সকাল থেকে চুয়াডাঙ্গার বস স্ট্যান্ড থেকে কোন বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। এতে জেলা থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে পটুয়াখালী রুটে রয়েল পরিবহনের দুটি বাস চলাচলের অনুমোদন পায়। কিন্তু এ নিয়ে ঝিনাইদহে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে বাস দুটি চলাচলে বাধা দেয়।
এরই ধারাবাহিকতায় রয়েল পরিবহনের ঢাকাগামী সবকটি বাস ঝিনাইদহের ওপর দিয়ে চলাচল ও কাউন্টার বন্ধ করে দেয়।
বাস চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদেই এ ধর্মঘট পালন করছেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।