ভাঙচুরের আতঙ্কে মালিক-শ্রমিকরা সড়কে গাড়ি নামাচ্ছেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে সরকারের পক্ষ থেকে মালিক-শ্রমিকদের গাড়ি চালানোর অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন পাস হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীসহ দেশজুড়ে পরিবহন মালিক-শ্রমিকদের অলিখিত ধর্মঘট চলছে।
সে প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন পাস হচ্ছে।
সংসদের আগামী অধিবেশনেই আইনটি পাস হবে জানিয়েছে মন্ত্রী বলেন, আইনটি পাস হলে এই দুর্ঘটনা যেমন কমে আসবে তেমনি ট্রাফিক ব্যবস্থাপনাও কঠোর হবে।