শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই—আন্দোলনের মধ্যেই রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক মারা গেছেন।
শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলন এবং মালিকদের গাড়ি না নামানোর মধ্যে সড়কে গণপরিবহন চলাচল খুব কম ছিল এর মধ্যে দুপুরে মগবাজারের বাসটি মোটর সাইকেল আরোহীর ওপর তুলে দেয়।
তার নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি মগবাজারের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছিলেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, গোল্ডেন প্লাস নামে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ওই যুবক আহত হন। তখন আশপাশের জনতা চালককে মারধর করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, সাইফুলকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুলের খালা রোখসানা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, সাইফুলের বাড়ি পিরোজপুরে, ঢাকায় থাকতেন উত্তর গোড়ানে। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।