নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা শিক্ষার্থীদের জন্য চকলেট নিয়ে গিয়েছিলেন। ছাত্রলীগের পক্ষ থেকে আন্দোলনকারীদের ওপর কোনো ধরনের আঘাত হানা হবে না বলেও আশ্বস্ত করেছেন।
শিক্ষার্থীরা কয়েকটি জায়গায় বিক্ষাভকারীদের ওপর সংগঠনের কর্মীদের হামলার অভিযোগ তুললে, দোষীদের শাস্তির আশ্বাস দেন ছাত্রলীগের দুই নেতা।
কয়েকটি জায়গায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের চড়াও হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে যান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
শিক্ষার্থীদের বলেন, তারা শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানাতে এসেছেন। তারা আন্দোলনকে সমর্থন করেন। তবে ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের কোনোভাবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।
শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে তারা সহমত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ও সরকার এই দাবিগুলো পূরণে কাজ করছেন। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন সরকার সমর্থক সংগঠনটির এই দুই নেতা।
এসময় মিরপুর ও জিগাতলা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নাম উঠে আসায় ক্ষোভ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা।
সেইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কেউ যেন হামলা না চালায়, সেই নির্দেশনা দিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান সঞ্জিত।