গুজবকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়কে ঘিরে জিগাতলা মোড় ও সাত মসজিদ সড়কে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত কয়েকদিনের মতো শনিবার সকাল থেকেই ধানমন্ডির ২ নম্বর সড়ক হয়ে হয়ে বিজিবি গেট, জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় শির্ক্ষার্থীরা। ঠিক করে দেয় গাড়ি আর রিকসা চলাচলের লাইনগুলো।
শনিবার দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারী একজনকে ধরে নেয়ার গুঁজব ছড়ালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ের দিকে ছুটে আসলে ঝামেলা বাঁধে। হঠাৎ ছাত্ররা জিগাতলা মোড় থেকে আসতে থাকে।
তখন আওয়ামী লীগ কর্মীরা তাদের বাধা দেয়। বাধা না মেনে ছাত্রছাত্রীরা স্লোগান দিয়ে কার্যালয়ের দিকে এগুতে থাকলে নেতাকর্মীরা ধাওয়া দেয়। ধাওয়ার মুখে শিক্ষার্থীরা সীমান্ত স্কয়ারের দিকে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা আবার এগুতে চাইলে হেলমেট পরা একদল যুবক তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি ২ এর স্টার কাবাবের দিকে সরে যায়।
পরে থেমে থেমে এ ধাওয়া পাল্টা ধাওয়া বিকাল পর্যন্ত চলে।