কৃষিপণ্য কেনা-বেচার সময় পাইকারি ও খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকট তৈরি করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানার বিধান রেখে কৃষি বিপনন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আইনে ব্যবসায়ীদের পণ্যর ক্রয়-বিক্রয়ের মূল রশিদ সংরক্ষণ করার ওপরে বাধ্যবাধকতা রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সোমবারের মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া আইনটিতে, কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তারা বিক্রেতাদের রশিদ নিয়মিত পরীক্ষা করবেন। কৃষিপণ্য বা প্রক্রিয়াজাত কৃষিপণ্যের গুনাগুন রক্ষার বিষয়টিও নতুন আইনে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রক্রিয়াকরণ, কৃষিপণ্যের মোড়কে পণ্যের পুষ্টিমান, উপাদানের শতকরা হার, উৎপাদনের তারিখ ও মেয়াদোর্ত্তীনের তারিখ এবং বিক্রয়মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
পণ্যের ওজনের সঙ্গে মোড়কের ওজন সমন্বয় করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা অনুর্ধ এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।