বড় পুকুরিয়ায় কয়লা খনির কয়লা চুরির ঘটনায় গঠিত কমিটি এ সপ্তাহেই তদন্ত প্রতিবেদন দেবে— বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার সচিবালয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
অপরাধীরা কেউই রেহাই পাবে না—উল্লেখ করে নসরুল হামিদ বলেন, সরকার চায় দুর্নীতিমুক্ত জ্বালানি খাত। গ্যাস সংকট কাটাতে আগামী সপ্তাহ থেকেই এলএনজি গ্যাসের সঞ্চালন শুরু হবে।
দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে নানা অগ্রগতি, সাফল্য তুলে ধরেন তিনি।
বড় পুকুরিয়ার খনি থেকে কয়লা গায়েবের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি খতিয়ে দেখছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সপ্তাহেই তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
দেশে গ্যাস সরবরাহে সংকটের কথা এসময় উল্লেখ করেন প্রতিমন্ত্রী বলেন, সমস্যা সমাধানে আগামী সপ্তাহ থেকে আমদানি করা এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সঞ্চালন শুরু করা হবে।
এলএনজি পাইপ লাইনে যুক্ত হলে গ্যাসের গড় মূল্য বেড়ে, দামও বাড়ার আভাস প্রসঙ্গেও কথা বলেন নসরুল হামিদ। গ্যাসের দাম সহনীয়ই থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ আমদানি করতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে সরকারের একটি প্রতিনিধি দল নেপাল যাচ্ছে বলেও জানান তিনি।