চলতি মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদের বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়—একই সঙ্গে চলতি মাসের বেতন মালিকদের সক্ষমতা অনুযায়ী ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এ নির্দেশ দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
সাংবাদিকদের তিনি বলেন, ঈদের আগে পর্যায়ক্রমে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়া হবে যাতে সড়কে কোনও ধরনের চাপ সৃষ্টি না হয়।
বৈঠকে শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম বলেন, ঈদুল আজহায় ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের ২৬টি কারখানায় বেতন ও বোনাস পরিশোধের বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। বিজিএমইএ উদ্যোগ নিলে এই সংকটও কেটে যাবে।
বৈঠকে বিজেএমইএয়ের সহ-সভাপতি আব্দুল মান্নান কচি বলেন, এটি কোনও সমস্যা নয়, আলাপ-আলোচনা করে এই সমস্যা সমাধান করা সম্ভব।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক নেতা রায় রমেশ, নিপা ফেরদৌস ও সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।