রুট পারমিট বাতিল হওয়া সত্ত্বেও সড়কে নামায় শনিবার রাজধানীর বিভিন্ন সড়ক থেকে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস আটক করেছে র্যা র।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুট পারমিট বাতিল হওয়া সত্ত্বেও রাস্তায় চলাচল করায় জাবালে নূর পরিবহনের ছয়টি বাস আটক করেছে র্যা ব-১ ও র্যা ব-৪ এর সদস্যরা। যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী— আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও দিয়া খানম ওরফে মীম (১৬) মারা যায়।
এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করে। এক পর্যায়ে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে, যে আন্দোলনের প্রতি সমর্থন জানায় সাধারণ মানুষও।
দুর্ঘটনার পরদিনই র্যা ব সদর দপ্তর থেকে শিক্ষার্থীদের চাপা দেওয়া জাবালে নূর পরিবহনের বাসটির চালক মাসুম বিল্লাহ এবং একই কোম্পানির আরও দুই বাসের চালক ও দুই হেলপারকে গ্রেপ্তার করে। জাবালে নূর পরিবহনের বাস দু'টির নিবন্ধন ও রুট পারমিট বাতিলের কথা জানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
এছাড়া গত ১ আগস্ট শিক্ষার্থীদের চাপা দেয়া জাবালে নূরের বাসটির মালিক শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে র্যা ব।