সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মিথ্যা অপপ্রচারের জন্য ডিজিটাল বাংলাদেশ নয়। জানান, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র নামধারী অনুপ্রবেশকারী ঢুকে গুজব ছড়িয়েছে।
রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে পথচারী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন তিনি।
এ সময় প্রতিটি স্কুল-কলেজ শুরু ও ছুটির সময় একজন ট্রাফিক দায়িত্বরত থাকার কথা জানান প্রধানমন্ত্রী।
আন্ডারপাস ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পাশাপাশি ওভারটেকিংসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
শিক্ষার্থীদের বাসচাপা দেয়া ক্ষমার অযোগ্য অপরাধ, জড়িতদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীসহ দেশবাসীকে কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানান।
সম্প্রতি রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর নিহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে সরকার নিরাপদ সড়ক নিশ্চিতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মেনে নেয়। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেন। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন।
এরই অংশ হিসেবে রাধানীর কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন বিমানবন্দর সড়কে পথচারী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
আন্দোলন থেকে ফিরে যাওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-ছাত্রীদের অন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী সে চেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থীকে চাপা দেয়া বাসের চালক নিয়ম-বহির্ভূতভাবে গাড়ি চালাচ্ছিল— তার অপরাধ ক্ষমার অযোগ্য, জড়িতদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
ওভারটেকিংসহ ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সড়কে দুর্ঘটনা ঘটে---এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চালকদের লেন মেনে চলতে হবে। আর যে কোনো কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে থাকতে পারে বলেও অভিমত দেন প্রধানমন্ত্রী।