কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান প্রদান আইন-২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় তিনি বলেন, সরকার চায় দেশের কওমী মাদ্রাসায় পড়ুয়া ১৫ লাখ শিক্ষার্থী সাধারণ শিক্ষা ধারায় আসুক—সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
আইনটিতে ৯ ধরনের ব্যক্তির সমন্বয়ে একটি জামিয়াতুল মাদ্রাসা কমিটি নামে কমিটি করার কথা বলা হয়েছে— এতে একজন চেয়ারম্যান থাকবেন বলে জানান সচিব।
কমিটি দলীয় রাজনীতির উর্ধ্বে থাকবে— এই কমিটিই মাস্টার্স ডিগ্রি দেবে তবে কমিটিতে সরকারের কোনো প্রতিনিধি থাকছে না জানান তিনি।
তিনি আরো বলেন, কওমী মাদ্রাসার যে ছয়টি বোর্ড রযেছে এগুলো একীভূত করা হবে।
প্রসঙ্গত: ২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আদশের দুই দিন পর কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার।
এ বিষয়ে নতুন আইন পাস হওয়ার আগেই গত মার্চে ১০১০ জন কওমি আলেমকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হয়।