এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে বুধবার সকাল ৮টায়।
বৃষ্টি হলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নগর ভবনে এক সমন্বয় সভায় এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আগামী ২২ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
মেয়র বলেন, আগামী ১৯ আগস্টের মধ্যে জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি শেষ করা হবে।
এবারও প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসার জন্য পৃথক স্থান নির্ধারিত থাকবে বলে জানান মেয়র।
এবছর ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় হাল্কা বৃষ্টিসহ অন্যান্য প্রকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি থাকছে ঈদগাহে—এছাড়া বজ্রপাত প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় এক লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তাদের ওজু ও খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে। বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকছে। পাশাপাশি জরুরি চিকিৎসার একটি মেডিকেল টিম ঈদগাহ মাঠে প্রস্তুত থাকবে।