বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে জিয়াউর রহমানের ক্ষমতা দখল থেকেই প্রমাণিত হয় বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া সম্পৃক্ত ছিলেন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় এমন অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুকে হত্যার পর অপপ্রচার চালিয়ে দেশের ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজের ভাগ্য নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সারাজীবন কাজ করেছেন বঙ্গবন্ধু।
বাংলাদেশকে পাকিস্তানের পদানত করতেই জাতির জনককে হত্যা করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাকে হত্যার পর থেকেই দেশবিরোধী অপপ্রচার চলেছে। দেশের ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলেছে।
বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগ তোলেন জিয়াউর রহমানের বিরুদ্ধে এসময় তিনি জানান, হত্যা পরবর্তী সময়ে জিয়ার ক্ষমতা দখলই বঙ্গবন্ধু হত্যায় তার সম্পৃক্ততা প্রমাণ করে।
বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের নাম পরিবর্তন করে পাকিস্তানের আদলে ইসলামী প্রজাতন্ত্র করার চেষ্টা হয়েছিল বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।