নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে মহাখালি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সে সরকারে যদি টেকনোক্রেট রাখতেই হয় তাহলে রাজনৈতিক দল মুখ্য নয়। শিক্ষক-বুদ্ধিজীবিও থাকতে পারেন সেখানে। অভিযোগ করেন, বিএনপি আবারও এক এগারোর মতো পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে আর তাতে মিডিয়ার একটি অংশও সর্মথন দিচ্ছে।
অর্ন্তবর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, সংসদের প্রতিনিধিত্বকারী দল থেকেই এ সরকার গঠিত হবে। বলেন, এ ব্যাপারে সংবিধানের বাইরের যাওয়ার সুযোগ নেই।
বিএনপি দেশে এক এগারোর পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে এসময় অভিযোগ করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
দেশে নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সে পরিবেশ নষ্ট করতে চাইছে।