সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- এখানে কোনো ধরনের পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে রাজধানীল জাতীয় জাদুঘরে আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকার উৎখাতে যতই ষড়যন্ত্র করা হোক না কেন তা মোকাবেলা করতে সরকার প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে সরকার পতনের জন্য একটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করেছে বিএনপি-জামাত। এ ধরনের ষড়যন্ত্র কোনো দিনই সফল হবে না।
বেশিরভাগ গণমাধ্যম এসব আন্দোলনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেও কিছু গণমাধ্যম সরকার উৎখাতে ষড়যন্ত্রকারীদের সঙ্গ দিয়ে যাচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
সংবিধানে যেভাবে আছে সেভাবে ছাড়া নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের প্রস্তাব গ্রহণ করা হবে না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।