ফের ক্ষমতায় এলে রাজধানীর সব খাল উন্মুক্ত করে এলিভেটেড রোড নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেইসঙ্গে ২১০০ সালের জন্য ডেল্টা প্রকল্প ঘোষণা করেন।
ঢাকা ওয়াসার দাশেরকান্দি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নদী ড্রেজিং ছাড়া ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব নয় বলেও এ সময় জানান শেখ হাসিনা।
এছাড়া রাজধানীতে বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণ করার কথা জানা প্রধানমন্ত্রী।
রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে রোববার সকালে খিলগাঁও এলাকায় ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ প্রকল্প বাস্তবায়ন হলে ৫০ লাখ মানুষ পয়ঃনিষ্কাষণ সুবিধার আওতায় আসবে বলে জানিয়ে এ সময় ঢাকা ওয়াসাকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আবার ক্ষমতায় এলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে ফেলে দখল হয়ে যাওয়া খালগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।
শুধু রাজধানী নয়, গ্রাম পর্যায়ের মানুষ যাতে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা পায় সে লক্ষ্যে কাজ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে---এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-শহরে ভবিষ্যতে বস্তি থাকবে না। সরকার সবার জন্য আবাসন নিশ্চিতে কাজ করছে।