রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত ঈদগাহ ময়দান।
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সব প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে প্রায় এক লাখ মুসল্লির প্রথম জামাত। আইন-শৃঙ্খলা বাহিনী ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহে নিয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
নিরাপত্তার জন্য মুসল্লিদের জায়নামাজ ও ছাতা বাদে অন্য কিছু বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গতকাল সকালে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।
বুধবার জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত। এবার ময়দানে প্রায় ১লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জাতীয় ঈদগাহ'র সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষে ২ লাখ ৭০ হাজার বর্গফুট এলাকা ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তৈরি করা হয়েছে অযুখানা, ব্যবস্থা করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ।
সোমবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনর মেয়র সাঈদ খোকন এসব তথ্য তুলে ধরে বলেন, ঝড়-বৃষ্টির সম্ভাবনাকে বিবেচনায় নেওয়া হয়েছে।
একই সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
এসময় সোয়াট, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদগাহ ময়দানের ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান তিনি।
ঈদগাহ'র প্রধান গেট, বাইরের গেট ও ভেতরে একাধিক চেকপোস্ট থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
নিরাপত্তার খাতিরে মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করা হয়েছে।