একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারে না বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া— বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তৎকালীন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন,গ্রেনেড হামলার মতো ঘটনা সরকারের অনুমোদন ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাই ২১শে আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন সরকারের মদদ ছাড়া হয় নাই। এর দায় খালেদা জিয়ার ওপর বর্তায়। এ দায় তিনি এড়াতে পারেন না।
তিনি বলেন, সকাল-বিকাল সংবাদ সম্মেলন করে বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপি।
বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসার অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার মুক্তি আদালতের মাধ্যমে ছাড়া অন্য কোনোভাবে হওয়ার সুযোগ নাই।
সেপ্টেম্বরে এ মামলার প্রত্যাশিত রায় হবে এ সময় জানিয়ে কামরুল ইসলাম বলেন, এ জন্যই বিএনপির গাত্রদাহ হচ্ছে। বিএনপি আগামী নির্বাচন বানচাল করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে।