শর্ত আরোপ না করে জনগণের রায় মেনে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, এখন অনেকে বড় বড় কথা বলছে- নির্বাচনের সময়ে তারা ঠিক নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই বিএনপিকে বলি- শর্ত আরোপ না করে জনগণের রায় নিতে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
তিনি আরো বলেন, আগামী ডিসেম্বর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ইউরোপ, আমেরিকা ও ভারতের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী সেই নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বিএনপি নেতাদের উদ্দেশে নাসিম বলেন, সংবিধানের বাইরে আমরা যাব না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। ১০ বছর আগে যা হয়েছে এখন আর তা হবে না।
এ সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।