দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত আঞ্চলিক জোট’বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল ও টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপরেশন -বিমসটেক এর চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে নেপালের কাঠমান্ডুকে।
চতুর্থ বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সম্মেলনে বিমসটেকের আওতায় বাণিজ্য- বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হবে।
এছাড়া এ সম্মেলনের বাইরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট নিরসনের ইস্যু।
বুধবার সকালে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সম্মেলনে স্বাগত বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
বিমসটেক সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের এ বৈঠকে ব্যবসা- বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং সন্ত্রাস দমনেও আলোচনা করবেন তারা। এ সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরেরও কথা রয়েছে কর্মসূচিতে।
তবে নির্বাচনের আগে এ সম্মেলনে যোগ দেয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সফর বলে মনে করা হচ্ছে। সেসব বৈঠকে রোহিঙ্গা ইস্যুও তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের হোতা হিসেবে শীর্ষ সেনা কর্মকর্তাদের দায়ী করে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে প্রতিবেদন দিয়েছে- তা প্রত্যাখান করেছে মিয়ানমার সরকার।
সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক সমর্থন পেতে ওই প্রতিবেদন সহায়ক হবে।