প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ৬৬% জনগণ সমর্থন প্রকাশ করেছেন— পাশাপাশি ৬৪% আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এ বছরের ১০ এপ্রিল থেকে ২১ মের মধ্যে পরিচালিত জরিপ বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আশানুরূপভাবে এগিয়ে যাচ্ছে। ৬২% জনগণ মনে করেন- অর্থনৈতিক অগ্রযাত্রায় দেশ সঠিক পথে আছে। অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬৯% জনগণ।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনসাইট অ্যান্ড সার্ভের এই গবেষণা প্রতিবেদন গত ৩০ আগস্ট প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। ৬৬% জনগণের কাছে জনপ্রিয় শেখ হাসিনা।
গবেষণা প্রতিবেদনের নোটে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। আর সে কারণেই ৬৮% জননিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। এর মধ্যে ৫৭% জনগণ মনে করছেন- সামনে জননিরাপত্তা ব্যবস্থার আরো উন্নতি হবে।
জরিপের আরো বলা হয়, সরকারি বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রেও জনসন্তুষ্টির পরিমাণ বেড়েছে। জনস্বাস্থ্য খাতে সরকারি সেবায় সন্তুষ্ট ৬৭% জনগণ এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬৪% জনগণ। এছাড়া সড়ক ও ব্রিজের উন্নয়নের প্রভাব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬১% জনগণ।
দেশের বর্তমান গণতান্ত্রিক আবহ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৫১% জনগণ। পার্লামেন্টের কার্যক্রমের ওপর তাদের আস্থা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
জনগণেরর কাছে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে ৮১% বলেন, আগামী নির্বাচনে তারা ভোট প্রদান করবেন। যার মধ্যে ৫১% দেশের বর্তমান গণতান্ত্রিক আবহের পক্ষে মত প্রদান করেন।
এর আগে ২০১৫ সালে ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশন এইড বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) যৌথ আয়োজনে পরিসংখ্যানেও একই কথা বলা হয়।
প্রতিবেদন জানানো হয়, ৭৫% তরুণের মতে— বাংলাদেশ আগামী ১৫ বছরে আরো উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং তাদের মধ্যে ৬০% তরুণ মনে করেন- দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
এ গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ৭২.৩% জনগণ দেশ পরিচালনায় শেখ হাসিনার পক্ষে ‘ভালো মত’ প্রকাশ করেন। এ প্রতিবেদনেই ২৬.৬% জনগণ দেশ পরিচালনায় খালেদা জিয়ার পক্ষে ‘ভালো মত’ প্রকাশ করেন।
২০১৫ সালে আইআরআই প্রকাশিত অপর এক জরিপে বলা হয়েছিল, ৬৭% জনগণ দেশ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বের ওপর আস্থা রাখেন।