রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ঢাকায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের রিজিওনাল হাবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে আইডিবির সহায়তা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ মানবিক সংকট মোকাবেলা করছে।
দক্ষ নেতৃত্ব ও জনগণের বলিষ্ঠ অংশগ্রহণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ঢাকায় জেদ্দাভিত্তিক ইসলামিক উন্নয়ন ব্যাংক-আইডিবির আঞ্চলিক প্রধান কার্যালয় উদ্বোধন হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী রেডিসন হোটেলে এর উদ্বোধন করেন।
এ সময় সকল মিলে নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণের টেকসই আর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়াও অর্থনৈতিক, সামাজিক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের নিজস্ব উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন এবং অভিযোজন করার জন্য "বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কর্মকৌশল ও কর্মপরিকল্পনা"র আওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনা করেই বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আইডিবিকে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।