আগামী নির্বাচনকে সামনে রেখে অনলাইন গুজব রুখতে "গুজব সনাক্তকরণ ও নিরসন কেন্দ্র" প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আরো বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।
বিএনপি-জামাত ও সাম্প্রদায়িক চক্র গুজব রটনার প্রধান কারখানা বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইনু বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়া অসুস্থ বলে গুজব রটানো হচ্ছে।
সরকার দেশ ও গণতন্ত্রের স্বার্থে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
অন্যদিকে, গুজব মোকাবেলায় মূলধারার গণমাধ্যমে সঠিক তথ্য দেয়ার আহবান জানান সংশ্লিষ্টরা।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার সকালে গুজব: গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে অংশ নিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও সন্ত্রাসবাদ সৃষ্টি করতে গুজব ছড়ানো হয়।
সচেতনতা বাড়ানোর মাধ্যমে গুজব বন্ধ করার আহ্বান জানান তারা। মিডিয়ার ওপর আস্থা রাখতে সকলের প্রতি আহ্বান জানান তারা।