নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি তোলা হচ্ছে তা অবান্তর-অপ্রাসঙ্গিক বলে নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এসবের সময় আর নেই— নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।
ওবায়দুল কাদের আরও জানান, এখন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সব দল সমাবেশ করতে পারবে।
রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৪৯তম কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে শনিবার যুক্তফ্রন্টের পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়েছে তা অসাংবিধানিক বলে জানান তিনি।
অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো এদেশেও নির্বাচন হবে বলে জানান তিনি।
এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে ফেলার সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এবার একটি আসনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাবে না।