জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্ট যে দাবি জানিয়েছে তা বিএনপি- জামাতের দাবির ফটোকপি বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, জাতীয় ঐক্য, যুক্তফ্রন্ট সাংবিধানিক কাঠামো না দিয়ে বায়োবীয় দাবি জানিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে—তাদের প্রস্তাব নাকচ করে দেন তথ্যমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে এসব কথা বলেন তিনি।
নির্বাচন, নির্বাচনকালীন সরকার কিংবা রাজনীতি নিয়ে দেশের প্রবীণ রাজনীতিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় ঐক্য এবং যুক্তফ্রন্টের ব্যানারে যেসব দাবি তোলা হয়েছে, সে বিষয়ে কথা বলতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ের আয়োজন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় ঐক্য এবং যুক্তফ্রন্ট থেকে যেসব দাবি জানানো হয়েছে তা সংবিধান পরিপন্থী এবং বিএনপির দাবির ফটোকপি।
দুটি জোটের ৫ ও ৯ দফা দাবির বিস্তারিত তুলে ধরে এর জবাবে বলেন, তারা মূলত বিএনপি-জামাতের দুষ্কর্ম চাপা দিতে এসব দাবি নিয়ে সামনে এসেছেন।
তারা সাংবাবিধানিক কোনো কাঠামো নয় কিংবা সুনির্দিষ্ট বা দেশের রাজনীতির জন্য দীর্ঘ মেয়াদি কোনো পরিকল্পনার কথা দাবিতে উল্লেখ করেনি। এসব দাবি উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন তিনি।
সমালোচনা করেন বিএনপি নেতাদের যুক্তরাষ্ট্র সফর নিয়েও।
তিনি বলেন, তারা যে তথ্য জাতিসংঘে তুলে ধরেছে তা মিথ্যা ও বানোয়াট।
এসময় সাইবার নিরাপত্তা আইন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আবারও বললেন, গণমাধ্যমের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এমন কোনো আইন সরকার করবে না।