আন্তর্জাতিক চাপেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিন দফা চুক্তি এবং আশ্বাস দিলেও মিয়ানমার সরকার তাদের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে তেমন উদ্যোগী হচ্ছে না। তবে বর্তমান সরকারের কূটনৈতিক প্রধান সাফল্য হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সারা বিশ্বের নেতারাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়ার ব্যাপারে একমত।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়ার ব্যাপারে চীন, রাশিয়া ও ভারতের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, চীন, রাশিয়া ও ভারত রোহিঙ্গা ইস্যুতে বলেছে মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের ফেরত নেয়া। চীন ও ভারত রোহিঙ্গাদের জন্য ঘর-বাড়ি নির্মাণেও সাহায্য দিচ্ছে। আন্তর্জাতিক আদালতও মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের উদ্যোগ নিয়েছে।
শেখ হাসিনা আরো বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি, আন্তর্জাতিক চাপের মুখেই মিয়ানমার তাদের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে।
কোনো ব্যক্তি- গোষ্ঠী কিংবা দল যাতে গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারে- সে বিষয়েও ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।