সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার নথি দুর্নীতি দমন কমিশনে-দুদক পৌঁছেছে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেন, খুব দ্রুতই এ বিষয়ে তদন্ত শুরু করা হবে।
ফারমার্স ব্যাংকের চেক জালিয়াতির ঘটনার তদন্ত শেষ পর্যায়ে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
তিন কোটি ২৫ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর ২ অক্টোবর সিএমএম আদালত মামলাটি তদন্তদের বিষয়ে পদক্ষেপ নিতে দুদকের সচিব বরাবর প্রয়োজনীয় নথি পাঠানোর আদেশ দেয়ার পাশাপাশি আগামী ৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনে মামলার নথি এসে পৌঁছেছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।
সাংবাদিকদের তিনি বলেন, দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এস কে সিনহার ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।