কোটা সংস্কার আন্দোলনকারীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, হামলাকারীদের বিচার এবং পূর্বঘোষিত ৫ দফার আলোকে কোটা সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
রোববার সকালে সংগঠনটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই তিন দফা জানানো হয়।
এছাড়াও শিক্ষাক্ষেত্রে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
একইসঙ্গে নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বরসহ ফলাফল প্রকাশের দাবি জানান তারা।
কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতারা বলেন, কোটা সংস্কার না করে বাতিল করার ফলে উদ্ভূত সংকটের দায়ভার সরকারকে নিতে হবে।
কোটা সংস্কার আন্দোলনকারীরা আরো জানান, শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি নয়, আগের দাবি মেনে তৃতীয় ও চতুর্থসহ সব ধরনের চাকরিতে তাদের ৫ দফার আলোকে কোটা সংস্কার করে পরিপত্র জারি করতে হবে।
এদিকে, কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ।