ক্ষুধা-দারিদ্র বিমোচন ও শিক্ষা-স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়েছে— দেশের মানুষের দিন বদলের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২০ জেলায় ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রত্যন্ত অঞ্চলে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে। অল্প সময়ের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের মতো এতো দ্রুত অন্য কোনো দেশ উন্নয়ন করতে পারেনি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
যোগাযোগ, শিক্ষা এবং স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে ডিজিটাল সেন্টার করা হচ্ছে। পর্যটনের উন্নয়নে কক্সবাজারের সেন্টমার্টিন ঘিরে সরকারের বিশেষ পরিকল্পনার।
ভিডিও কনফারেন্সে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
উন্নয়ন প্রকল্পের ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্রসহ ৬টি মাতৃসদন, যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে ৭টি সেতুসহ ২০ জেলায় ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রকল্পগুলো উদ্বোধন করেন।
এর আগে স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় বইটির অনুবাদ ও সম্পাদনার সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপমহাদেশের রাজনীতির বিশাল তথ্য ভাণ্ডার এই বইটি।