একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের দণ্ডাদেশ বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনীতির মাঠে দলটির টিকে থাকাটাই এখন অস্তিত্বের লড়াই বলে জানান তারা। দেশ টিভিকে দেয়া এক স্বাক্ষাতকারে তারা এ সব কথা বলেন।
বিশ্লেষকরা বলেন, বিএনপি এখন ড. কামাল হোসেন- ডা. বি. চৌধুরীর বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার আশ্রয়ী হবে। তবে এ রায়ের পর সেই প্রক্রিয়ায় বিএনপিকে রাখা নিয়েও ভাবতে হবে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার নেতাদের। আর এ রায়কে নির্বাচনী প্রচারে কাজে লাগাবে আওয়ামী লীগ।
তারা আরো বলেন, গ্রেনেড হামলা মামলার রায়ের পর বৃহত্তর ঐক্য প্রক্রিয়াকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে চাইবে রাজনীতির মাঠে কোনঠাসা হয়ে পড়া বিএনপি।
এমন অবস্থায় বিএনপির সামনে নির্বাচনে না আসার বিকল্প কোনো পথ নেই বলে জানান বিশ্লেষকরা। আর এ রায় নির্বাচনী প্রচারে বাড়তি সুবিধা দেবে আওয়ামী লীগকে।
তবে কোনো লক্ষ্য ছাড়া শুধুমাত্র আওয়ামী বিরোধী জোট হয়ে ক্ষমতাকেন্দ্রিক বৃহত্তর ঐক্য শেষ পর্যন্ত কতদূর যেতে পারবে, সে প্রশ্ন থেকেই যায় বলে মনে করছেন বিশ্লেষকরা।
১৪ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় হলো গত বুধবার। এ রায়ে বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক ব্যক্তি তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে। রায় পরবর্তী দেশের রাজনৈতিক মহলে চলছে এ নিয়ে নানা আলোচনা পর্যালোচনা।
এ রায় দেশের রাজনীতিতে মোড় পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন এতে বেকায়দায় পড়ে গেলো বিএনপি।