ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিরোধী নয় সম্পাদক পরিষদ—তবে স্বাধীন সাংবাদিকতার জন্য এ আইনের ৯টি ধারা পরিবর্তন করতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
পূর্বঘোষিত কর্মসূচিতে অনুযায়ী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে দেশের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকেরা অংশ নেন।
মানববন্ধনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন, আলোচনা বন্ধ হয়নি— একে ইতিবাচক উল্লেখ করেন।
তিনি বলেন, আলোচনার নামে যেন প্রহসন না হয়।
পরিষদের দাবি, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮,২১, ২৫,২৮, ২৯,৩১, ৩২,৪৩ ও ৫৩ ধারাগুলো স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে।
এজন্য ২১ অক্টোবর শুরু হওয়া বর্তমান সংসদের শেষ অধিবেশনে এই ধারাগুলো সংশোধন করে আইনটি পরিবর্তনের দাবি জানিয়েছে পরিষদ।
আজ-সোমবার সম্পাদকরা বলেন, এ আইন স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী। এ সময় সম্পাদক পরিষদের পক্ষ থেকে আরো জানানো হয়, তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনার নামে যেন কোনো প্রহসন না হয় তার দাবি জানান। কারণ এর আগে কোনো আলোচনা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছে সম্পাদক পরিষদ।
গত শনিবার সম্পাদক পরিষদের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের এ ৯টি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার আগে থেকেই এই আইনের বিভিন্ন ধারা নিয়ে তারা প্রতিবাদ করে আসছিলেন বলে জানান সম্পাদকরা।