কোনো পথ না পেয়ে বিএনপি এখন ড. কামাল হোসেনের মত আর্দশহীন-দলছুট নেতাকে ভাড়া করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
বিএনপিসহ ঐক্যফ্রন্টের দাবি মানা হবে না— শেখ হাসিনার অধীনেই যথাসময়ে নির্বাচন হবে জানান তিনি।
নির্বাচন নিয়ে কোনো ধরনের চক্রান্ত না করতে বিরোধীদের প্রতি আহ্বানও জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।
বৃহস্পতিবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।
এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম।
নবগঠিত জাতীয় ঐক্য ফ্রন্টের নানা সমালোচনা করে তিনি বলেন, কামাল হোসেনের মত দলছুট নেতাকে বিএনপি ভাড়া করেছে।
জাতীয় ঐক্য ফ্রন্টের দাবি মানা হবে না জানিয়ে যথাসময়ে নির্বাচন হবে বলেও আবারো জানিয়ে দেন নাসিম।
এক এগারোর কুশীলবদের বিএনপি জায়গা দিয়েছে বলেও সমালোচনা করেন তিনি।
আগামী নির্বাচনে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগের এই নেতা।