শিক্ষিত জাতি ছাড়া ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গবেষণা ও বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জানান, উচ্চশিক্ষা প্রসারে বিশেষ ফান্ড গঠন করা হয়েছে। কারিগরি, বিজ্ঞানসহ সব ধরনের শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কারিকুলাম পরিবর্তন করেছে সরকার।
শিক্ষার্থীদের ঝড়ে পড়া ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে—উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
গ্রাম পর্যন্ত মানুষের আর্থিক স্বচ্ছলতা এসেছে জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে বলেই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
প্রধানমন্ত্রী বলেন, যারা ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে- তারা কখনও দেশের উন্নয়ন করতে পারে না। নিজেদের নয়- দেশের ভাগ্য ফেরানোয় ভাবনায় ব্যস্ত আওয়ামী লীগ।
এ সময় উন্নয়নে ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী।