উন্নয়নের যে কাজগুলো চলমান তা সম্পন্ন করতে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি-জামাতের সময় সকল কাজ বন্ধ হয়ে গিয়েছিল—এ অভিযোগ করে শেখ হাসিনা বলেন,বিএনপি-জামাতের আন্দোলন হলো মানুষ পুড়িয়ে মারা।
ভবিষ্যতে কেউ যেন এমন ঘটনা ঘটাতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধন করে এসব কথা বলেন।
আগুনে পোড়া রোগিদের আধুনিক চিকিৎসা,চিকিৎসক ও সেবিকাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য রাজধানীর চানখারপুলে নির্মাণ করা হয়েছে ১২ তলাবিশিষ্ট শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ৫২২ কোটি টাকা ব্যয়ে ৫০০ শয্যা,৫০টি ইনটেনসিভ কেয়ার আর ১২টি অপারেশন থিয়েটারের এ বার্ন ইনস্টিটিউটটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট।
দুপুরে এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে উন্নত, সমৃদ্ধ করে তোলাই তার রাজনীতির লক্ষ্য।
এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটের কার্যক্রম থমকে গিয়েছিল বিএনপি-জামাতের শাসনামলে।
যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে তা অব্যাহত থাকবে বলে জানান শেখ হাসিনা।
বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্বাধীনতা অর্থবহ করতে বঙ্গবন্ধুর দেখানো পথেই তার সরকার চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।