কর্মসংস্থানে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বলেন, বেসরকারি খাতই পারে দেশের অর্থনীতিকে মজবুত ও উন্নত করতে।
ডিসিসিআইর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত "ডেস্টিনেশন বাংলাদেশ" অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় শিল্পায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া হচ্ছে।
এছাড়া ফের ক্ষমতায় এলে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলেও জানান শেখ হাসিনা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজনেস কনফারেন্সের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন,বেসরকারি খাতই পারে বিনিয়োগের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে।
কৃষিখাতের পাশাপাশি শিল্পায়নের দিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে বলেও অনুষ্ঠানে জানান তিনি।
সরকার শিল্পকে বহুমুখী করতে চায়—রপ্তানি পণ্যে বহুমুখিতা ও বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি।
এছাড়া জনগণ ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী।