ড. কামাল হোসেন সংবিধান প্রণেতা কমিটির চেয়ারম্যান হয়েও নিজেই সংবিধান মানেন না বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন যোগ দেয়া বিচারকদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার সংবিধান অনুযায়ীই নির্বাচন করবে- এর কোনো ব্যত্যয় হবে না।
মন্ত্রী পরিষদের অনুমোদন ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন সম্ভব নয় –এ কথা জানিয়েমন্ত্রী আরো বলেন, এই মুহূর্তে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোনো সম্ভাবনা নেই।
অনুষ্ঠান শেষে, গণপ্রতিনিধিত্ব আদেশটি চলমান সংসদ অধিবেশনে সংশোধন করা হবে কি না সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সরকার সংবিধান লংঘন করছে ড. কামালের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, সরকার নয় সংবিধান প্রণেতা হয়ে তিনি নিজেই সংবিধান লংঘন করেছেন।
তিনি জানান, মইনুল হোসেনের বিষয়ে আদালতের সিদ্ধান্তে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে না উল্লেখ করে এই মুহূর্তে এ আইন সংশোধনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান আইনমন্ত্রী।