পরিবহন শ্রমিকরা না জেনেই ধর্মঘট করছেন— সড়ক পরিবহন আইনটি বিস্তারিত পড়ার পরামর্শ দেন আইনমন্ত্রী আনিসুল হক।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন যোগ দেয়া বিচারকদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনে দুর্ঘটনায় চালকের জেল-জরিমানা কমিয়ে, দুর্ঘটনায় সব মামলা জামিন যোগ্য করার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত রাখার দাবি পরিবহন শ্রমিকদের। আরো দাবি ৩০২ ধারার মামলার তদন্তে শ্রমিক প্রতিনিধি রাখাসহ পরিবহন বান্ধব করে আইনের সংশোধন। পরিবহন শ্রমিকদের এসব দাবি অমূলক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইন সংশোধনের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন।