তরুণদের আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে স্কাউটিং ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মাদ আবদুল হামিদ।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটি আধুনিক, প্রগতিশীল ও সৃজনশীল জাতি হিসেবে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। আর এ ক্ষেত্রে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশু ও তরুণদের আত্মনির্ভরশীল, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সেক্ষেত্রে তারা বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' গড়ে তোলার জন্যও ভূমিকা রাখতে পারে।
স্কাউটদের কল্যাণমূলক কর্মকান্ড সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করতে এবং দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদেরকে স্কাউটিং কার্যক্রম সর্বত্র দৃশ্যমান ও আরো সম্প্রসারণ করতে হবে।