আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওই দিন বেলা সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি।
মঙ্গলবার গণভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ নিয়ে কথা বলবেন এবং সংলাপ–পরবর্তী সিদ্ধান্তও জানাবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সেখানে সংলাপ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন।
গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের একটি চিঠির পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী। পরে বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় পার্টিও সংলাপে অংশ নেয়। ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ চলছে, বিকেলে বামপন্থী কয়েকটি দলের সঙ্গে সংলাপে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কাল বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ হওয়ার কথা।