প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে- এ বিষয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে ধানমন্ডিতের দলের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্য প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর এ ধরনের বক্তব্য কেউ দিতে পারে না। এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনী জোট গঠনে কমিশনের নির্ধারিত সময়সীমা বাড়ানোর জন্য আওয়ামী লীগ আবেদন করবে বলেও জানান।
এদিকে, দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি চলছে দলের ধানমন্ডি কার্যালয়ে। সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীরা ভিড় করেছেন সেখানে। কাল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনতে ক্রিকেটার মাশরাফী বিন মোর্তজা ও সাকিব আল হাসান কার্যালয়ে যাবেন বলেও জানান ওবায়দুল কাদের।
এর আগে সকালে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েও বিএনপির নির্বাচনে আশা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ঐক্যফ্রন্টের নির্বাচনে আসার ঘোষণা কেবল সময়ের ব্যাপার।
সবকিছু এখন নির্বাচন কমিশনের অধীনে মন্তব্য করে কাদের বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন দেবে। আর এ জন্য কমিশনকে সার্বিকভাবে সাহায্য করবে আওয়ামীলীগ।