নির্বাচন এক ঘণ্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ— নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নয়াপল্টনে সহিংসতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পরিকল্পনা নিয়ে পুলিশেরে ওপর হামলা চালানো হয়েছে। নির্বাচনের পরিবেশ নষ্ট করা ডেমো দেখিয়েছে বিএনপি।
তিনি আরো বলেন, আর কোনো অশুভ শক্তি বাংলাদেশে নির্বাচন বানচাল করতে পারবে না। বিএনপি যে দাবি করেছেন তা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নয়- বানচাল করার জন্য।
আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি নির্বাচন চায় তাহলে এ অশুভ তৎপরতা বন্ধ করতে হবে। আন্দোলনের নামে সহিংসতায় উস্কানি দিয়েছে। মুখোশ ধারণ করে এ তাণ্ডব কেন? জনগণকে বেছে নিতে হবে- এ সহিংসতার জন্য কে বা কোন দল দায়ী।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ নাকি হামলা করেছে— এ কথা জনগণ কেন? বিএনপিও বিশ্বাস করে না। মির্জা ফখরুল কিভাবে মিথ্যা বলতে পারেন- সেটা বিশ্বাস করা কঠিন।
এ সময় বুধবার পল্টনে বিএনপি অফিসের সামনে সহিংসতার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এ নিয়েও বিএনপি মিথ্যাচার করছে, দলটি নির্বাচনে যেতে নয়, বানচাল করতেই তৎপরতা দেখাচ্ছে।
শরিকদলগুলোর সঙ্গে নির্বাচনে কিভাবে আসন বিন্যাস হবে সে প্রশ্নেরও জবাব দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, জরিপের ভিত্তিতেই আসন ভাগাভাগি হবে।
নির্বাচনকালীন মন্ত্রিসভায় থাকা টেকনোক্রেট মন্ত্রিদের বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আবারো বলেন, তাদের পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করতে পারবেন।