যে কোনো অগ্নিসংযোগ, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডিতে সংসদীয় বোর্ডের সভায় এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, নির্বাচন যখন উৎসবমুখর হয় তখন বিএনপির খারাপ লাগে— আগুন সন্ত্রাস ছাড়া কিছুই পারে না।
নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারবে না বিএনপি— জনগণ আমাদের সাথে আছে জানান তিনি।
বিএনপির প্রতি উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির প্রতি অনুরোধ- তারা যেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করে। আর ষড়যন্ত্র করেও লাভ হবে না, তারা পার পাবে না। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। তারাই সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
তিনি আরো বলেন, দেশের এগিয়ে যাওয়া নস্যাৎ করতে চায় বিএনপি।
দলীয় সূত্র বলছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করতেই এ সভায় বসেছে দলটির সংসদীয় বোর্ড।
বৃহস্পতিবার থেকে এ প্রক্রিয়া শুরু করা হলো। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে সংসদীয় বোর্ড সভা। এসব সভায় পর্যায়ক্রমে আলোচনা করে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা প্রতীকে’ ভোটে দাঁড়াতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৪ হাজার ২৩ জন প্রার্থী।