পুলিশ সদর দপ্তরে নির্বাচনের নীলনকশার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত—তথ্য প্রমাণ দিয়ে বিএনপিকে বলতে হবে পুলিশ সদর দপ্তরে কী হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে পরাজয় যে নিশ্চিত, সেটি টের পেয়ে বিএনপি এখন নাশকতার পথে হাটছে। আসন বন্টন নিয়ে মহাজোট শরীকদের সঙ্গে আলোচনা চলছে।
পুলিশকে দিয়ে ভোট কারচুপির যে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন বিএনপি মহাসচিব তার কোনো সত্যতা নেই বলে জানান তিনি বলেন, উদ্ভট সব অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের দোহাই দিয়ে চিহ্নিত অপরাধীদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ করেন- পরাজয়ের আভাস পেয়েই নেতিবাচক কর্মকাণ্ডে নেমেছে বিএনপি।
সারাদেশ থেকে বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য দলীয় সভানেত্রীর সুবজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন বলে জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
তিনি আরো বলেন, শরীকদের সঙ্গে আসন বন্টন নিয়ে সমস্যা নেই। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ আছে এবং এটি নির্বাচন পর্যন্ত বজায় রাখতে আওয়ামী লীগ র্ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করছে।