জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী প্রজন্মের জন্য উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার লক্ষ্য বলেও জানান তিনি।
বুধবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে তিন বাহিনীর কর্মকর্তাদের বৈকালিক সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, রাজনৈতিক ঘাত-প্রতিঘাত পেরিয়ে তার সরকারের চেষ্টার ফলেই বাংলাদেশ আজ অগ্রসরমান। সব প্রতিকূলতা মোকাবেলা করে দেশের অগ্রযাত্রা বজায় রাখারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অনেক কিছু মোকাবেলা করে জনগণের সহযোগিতা নিয়ে জনগণের ভোটে আবার নির্বাচিত হয়ে সরকার গঠন করি। যার ফলে আজ বাংলাদেশের মানুষের জীবন পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, অনেক উন্নত দেশ যেখানে শরণার্থীদের আশ্রয় দিতে হিমশিম খায়, সেখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা তাদের আশ্রয় দিয়েছি। আমরা যুদ্ধ করবো না। কিন্তু কেউ আক্রমণ করলে ছেড়ে দিবো না। যতক্ষণ আমাদের শ্বাস আছে, আমরা প্রতিরোধ করব।
প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি বাহিনীর জন্য আধুনিক অস্ত্র তৈরি করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থেকে শুরু করে সব পদক্ষেপই আমি নিয়েছি। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। সেই মর্যাদা অক্ষুণ রেখে আমাদের চলতে হবে। আমাদের সামনে আরো অনেক যাত্রা পথ বাকি রয়েছে।
তিনি বলেন, সামনের নির্বাচনে যদি জনগণ ভোট দেয়, যদি চায় দেশের সেবা করি, হয়তো আল্লাহর রহমতে আবার ফিরে আসব, আপনাদের সঙ্গে এখানে দেখা হবে। আর যদি না পারি, আমার কোনো আপসোস থাকবে না। কারণ উন্নয়নের যে গতিপথ শুরু করেছি, বাংলাদেশ এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যত অন্ধকার আসুক, জঙ্গল যতই গভীর হোক, এগিয়ে যাওয়ার পথ করে নিতেই হবে।