কৃষি উৎপাদন ও বিপণনের পরিধি আরো বাড়ানোরও তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহার করলে বিশ্বে কেউ বাংলাদেশকে অবহেলা করতে পারবে না।
সমবায় দিবস উপলক্ষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি দেশের উন্নয়নে সমবায়ের গুরুত্ব রয়েছে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে জমি চাষ করলে দেশে খাদ্যাভাব থাকবে না।
শেখ হাসিনা বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে কাজ করে যাচ্ছে সরকার। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বাংলাদেশকে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, গবেষণার ক্ষেত্রকে উন্নত করতে সবধরণের পদক্ষেপ নিয়েছে সরকার— কৃষি উৎপাদন ও বিপণনে সমবায়ের পরিধি বাড়ানোর নীতি অনুসরণ করার তাগিদ দেন।
শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ সরকার সমবায়ের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে আর সেখানে নারীদের কর্মসংস্থানের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নেও কাজ করছে সরকার বলে জানান।
এ সময় ২০১৬ ও ২০১৭ সালের সমবায়ভিত্তিক সম্মিলিত উদ্যোগ, কর্মসংস্থান ও সঞ্চয়ে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সমবায় পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।