মাঠে গিয়ে ভোটারদের মন জয় করতে দলের প্রার্থীদের দিক-নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তরুণ ভোটারদের প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
এছাড়া এবার শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোটাররা যেন পছন্দের প্রার্থিকে ভোট দিতে পারেন তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আগামী ৩ ডিসেম্বর এ মন্ত্রিসভার শেষ বৈঠক হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সোমবারের নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে নির্ধারিত আলোচ্য সূচির বাইরেও এবার নির্বাচন নিয়ে আলোচনা হয়।
সেখানে নির্বাচনের প্রেক্ষাপট উল্লেখ করে ভোটারদের, বিশেষ করে তরুণ ভোটারদের কাছে টানতে মনোনয়ন পাওয়া প্রার্থীদের দিক-নির্দেশনা দেন শেখ হাসিনা।
একই সঙ্গে যাতে ভোটাররা কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত একাধিক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবারের মন্ত্রিসভায় নির্ধারিত আলোচনায় তিনটি বিষয় উত্থাপন করা হয়।
সেখানে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের নাম বদলে "ডিজিটাল বাংলাদেশ দিবস" নামকরণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিং এ জানান, ১২ ডিসেম্বর থেকে নতুন নামে দিবসটি পালিত হবে।
এছাড়া একজন ব্যক্তি নিয়ে গঠিত কম্পানী করার বিধান রেখে কম্পানী করার বিধান রেখে কোম্পানী আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট সংশোধন আইনের খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধনী আইনে চার থেকে ছয় জন সদস্য রাখার পাশাপাশি একজন গণমাধ্যম ব্যক্তিত্বকে ওই কমিটিতে রাখার প্রস্তাব করা হয়েছে।
আগামী ৩ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকই এ সরকারের শেষ বৈঠক বলে অনির্ধারিত আলোচনায় জানিয়েছেন প্রধানমন্ত্রী।