বিএনপি জামাতের বন্ধু তাই যুদ্ধাপরাধীদের সন্তানদের মনোনয়ন দেয়াটাই স্বাভাবিক— বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামাত সাম্প্রদায়িক দল- শুধু নামে ভিন্ন। এদের আদর্শ জঙ্গিবাদের কাছে সমর্পিত। তাদের কাছে আত্মসমর্পন করেছেন ড. কামাল হোসেন। প্রত্যাহারের আগ পর্যন্ত চূড়ান্ত নয় মহাজোটের প্রার্থী তালিকা। কিছু আসন রাখা হবে উন্মুক্ত।
তিনি আরো বলেন, আদর্শগতভাবে জামাত-বিএনপি একই। তাই যুদ্ধাপরাধীদের সন্তানদের মনোনয়ন দেয়াটাই স্বাভাবিক। গতবারের চেয়ে এবার বেশি রাজনীতিক আওয়ামী লীগের মনোনয়ন পাবে।
কয়েকটি আসন উন্মুক্ত রাখা হবে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত কোন প্রার্থী চূড়ান্ত নয়।
মনোনয়ন পত্র প্রত্যাহারের পর ১৫ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।