নির্বাচনকে সামনে রেখে গুজব বন্ধ এবং তথ্য দিতে সারাদেশে মিডিয়া সেল করবে আইন শৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় গুজব সহিংসতা প্রতিরোধে সম্প্র্রচার মাধ্যমের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে মনিটরিং সেল গঠন করা হচ্ছে— সেখান থেকে গণমাধ্যম তথ্য পাবে আর গুজব রোধে সকলকে সচেতন থাকারও আহবান জানান তিনি।
মনিরুল ইসলাম আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের গুজব ছড়াতে পারে, এমন আশংকা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর।
এই গুজব রোধে শুধু পুলিশ প্রশাসনই নয়, গণমাধ্যমকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় সামাজিক মাধ্যমের ওপর নির্ভর না করে একাধিক মাধ্যম থেকে তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ বা প্রচারের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।