শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির পক্ষ থেকে শুক্রবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনতা।
শহীদ বুদ্ধিজীবীর স্বজনদের অভিযোগ, বিএনপি এখন যুদ্ধাপরাধীদের পরবর্তী প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিকে ভোট না দিতে আহ্বান জানান তারা।
মুক্তিযুদ্ধ বিজয়ের দ্বারপ্রান্তে প্রতিশোধের এক জঘন্য পথ বেছে নেয় পাকিস্তানী হানাদাররা। ১৪ই ডিসেম্বর তারা বেছে বেছে হত্যা করে জাতির মেধা ও মননের কাণ্ডারি বুদ্ধিজীবীদের।
শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বিউগলে বেজে উঠে করুণ সুর। রাষ্ট্রীয় সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকষ দল।
রাষ্ট্রপতি চলে যাবার পর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে জনতার। একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা জানান শহীদদের স্বজনেরা। জামাতের প্রার্থীরা বিএনপির মনোনয়ন পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
তারা অভিযোগ করেন, বিএনপি এবার যুদ্ধাপরাধীদের প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে নেমেছে।
মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি যেন নির্বাচনে জিততে না পারে সে দাবি ছিল সর্বসাধারণের কণ্ঠে।
ত্রিশ লাখ শহীদের রক্তে কেনা মাটিতে কোনো যুদ্ধাপরাধীর ঠাঁই হবে না বলেও দৃঢ় প্রত্যয় সবার।