বিএনপি যুদ্ধাপরাধী ও তাদের আত্নীসজন, ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামী, দুর্নীতিবাজ ও অপরাধীদের মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে তাই এদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। ড. কামাল, কাদের সিদ্দিকীরা কোন বিবেকে এদের সঙ্গে যোগ দিয়েছেন, সে প্রশ্নও তুলেছেন শেখ হাসিনা।
নির্বাচনে যুদ্ধাপরাধী, তাদের সন্তান, ২১ আগস্ট হামলাকারী, দুর্নীতিবাজ, অপরাধীদের বয়কট করতে জনগণের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে তবে দেশ আবারও উল্টোপথে যাত্রা শুরু করবে।
যাদের অপরাধ ও দুর্নীতি প্রমাণিত ড. কামাল, কাদের সিদ্দিকী কিভাবে তাদের সঙ্গে হাত মেলান-এমন প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার পরিবারের কারও বিরুদ্ধেই দুর্নীতির কোন অভিযোগ প্রমাণ করা যায়নি।
দেশে গণতান্ত্রিক অধিকার ও উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের এ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা।